মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা বাজারে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে দুটি পাটের গুদামসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী আশরাফুল ইসলাম জানান, রাত পৌনে ১০টার  দিকে নিরাপদ বিশ্বাসের লন্ড্রির দোকান থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাট ব্যাবসায়ী কুতুব উদ্দিন, শাহাদাত হোসেনের গুদামসহ পার্শ্ববর্তী পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়লে এ ক্ষয়ক্ষতি হয়।

অগ্নিকাণ্ডে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুতুব উদ্দিন ও শাহাদাত হোসেনের পাটের গুদাম। এখানে প্রায় ৪০ লাখ টাকার পাট ছিল। এ দুটি ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও অন্য তিনটি প্রতিষ্ঠানের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেছেন।

এ ব্যাপারে মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনিরুজ্জামান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাড়ে ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে।

জেআই