রাজশাহীর গোদাগাড়ীতে জঙ্গিদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে বগুড়া জেলা গোয়েন্দা দুই পুলিশ আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনার সময় হামলাকারী এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ আলম।

ছুরিকাঘাতে আহতরা হলেন- বগুড়া গোয়েন্দা পুলিশের কনস্টেবল আব্দুল সালাম ও ইসমাইল হোসেন। তবে গ্রেফতার জঙ্গির পরিচয় এখনো জানা যায়নি।

ডিআইজি খুরশিদ আলম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে গোদাগাড়ী পৌরসভা এলাকার রাজারামপুর এলাকায় এক জঙ্গিকে গ্রেফতার করতে অভিযান চালায় বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

এ সময় এক জঙ্গি পালানোর চেষ্টা করলে কনস্টেবল তাকে ধরে ফেলেন। এসময় তিনি কনস্টেবল সালামের ওপর এলোপাথাড়ি ছুরিকাঘাত করেন। সালামকে রক্ষা করতে গেলে ওই জঙ্গি ইসমাইলকেও ছুরিকাঘাত করেন। এ অবস্থায় দুই কনস্টেবল ওই জঙ্গিকে ধরে ফেলে বলে জানান তিনি।

গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম মুন্সি বলেন, খবর পেয়ে গোদাগাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই কনস্টেবলকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে প্রথমে গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে কনস্টেবল সালামের অবস্থা গুরুতর বলে জানান ওসি।

এমএনজে