লক্ষ্মীপুরের রামগঞ্জে এক যুবলীগ কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ যুবলীগ কর্মীর নাম প্রদীপ চন্দ্র দাস (৩২) বলে জানা যায়।
শনিবার সকালে রামগঞ্জ উপজেলার পানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ প্রদীপ উপজেলার করপাড়া ইউনিয়নের মধ্য করপাড়া গ্রামের কালি প্রসন্ন দাসের ছেলে এবং যুবলীগ কর্মী।
স্থানীয় লোকজন জানায়, প্রদীপ চন্দ্র দাসকে দুর্বৃত্তরা পানপাড়া এলাকায় গুলি করে পালিয়ে যান। গুলিটি তার বাম পায়ে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালীর হাসপাতালে ভর্তি করে।
রামগঞ্জ থানার ওসি মো. লোকমান হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ-খবর নিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





