দেশজুড়ে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতির মধ্যে বিদেশ সফরে গিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে দেশে ফিরেন স্বাস্থ্যমন্ত্রী।
মালয়েশিয়া থেকে দেশে ফিরে আজ (০১ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলন করার কথা ছিলো স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের। তবে সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈনুল ইসলাম প্রধান এই তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ২টায় ওই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।
মাঈনুল ইসলাম প্রধান বলেন, “স্বাস্থ্যমন্ত্রীর প্রেস কনফারেন্সটি স্থগিত করা হয়েছে। মন্ত্রী রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে বের হয়ে আরও কয়েকটি হাসপাতাল পরিদর্শন করবেন। তারপর সংবাদ সম্মেলনের তারিখ জানানো হবে।”
উল্লেখ্য, রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতির মধ্যেই ব্যক্তিগত ভ্রমণে গত ২৭ জুলাই মালয়েশিয়া যান স্বাস্থ্যমন্ত্রী। ৪ আগস্ট তার দেশে ফেরার কথা ছিল। তবে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে বিদেশ ভ্রমণের কারণে সমালোচনার মুখে পড়ায়, বুধবার (৩১ জুলাই) রাত ১টার দিকে তিনি দেশে ফেরেন।
এমবি





