টানা দ্বিতীয় দিনের মতো ঈদে ঘরমুখী মানুষের ঢল নেমেছে দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলার প্রবেশপথ মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে। ফেরি, লঞ্চ আর স্পিডবোটে করে ঘরে ফিরছে হাজার হাজার মানুষ। লঞ্চ ও স্পিডবোটে অতিরিক্ত যাত্রী তুলতে দেখা গেছে।
এ ছাড়া ফেরিঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ৬ শতাধিক যানবাহন। যার মধ্যে ছোট গাড়ির সংখ্যাই বেশি। দীর্ঘ অপেক্ষার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে ঘরমুখী এসব মানুষকে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, ১৮টি ফেরি দিয়ে যাত্রী ও যাত্রীবাহী যানবাহন পারাপার করা হচ্ছে। পণ্যবাহী যান পারাপার আপাতত বন্ধ রয়েছে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার লিমা আক্তার জানান, ঘরমুখো মানষের যাত্রা নির্বিঘ্ন করতে ঘাট এলাকায় ছয়’শ পুলিশসহ আনসার, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিয়োজিত আছে।
এমবি





