বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবির বিষয়টি সরকার ইতিবাচক হিসেবে দেখছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, ‘এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনেক ইতিবাচক, যাতে শিক্ষকদের মান ও মর্যাদা অক্ষুণ্ন থাকে। অন্যদিকে শিক্ষামন্ত্রীর এমন আশ্বাসে আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা তাঁদের কর্মসূচি ১ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত স্থগিত রাখবেন বলে জানিয়েছেন।

শুক্রবার সন্ধ্যার পরে আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সভাপতি ফরিদউদ্দিন আহমেদ ও মহাসচিব এ এসএম মাকসুদ কামাল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে তাঁর সরকারি বাসভবনে বৈঠক করেন। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ও দুই শিক্ষক নেতা তাঁদের নিজেদের অবস্থান তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের দাবির বিষয়টি ইতিবাচকভাবে এগিয়ে নেওয়ার জন্য আগামী রোববার বেতন বৈষম্য নিরসন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রথম বৈঠক ডাকা হয়েছে। সেখানে এ বিষয়গুলো আলোচনা হবে।

তিনি বলেন, ‘আশা করি, আজকের পর থেকে শিক্ষকেরা ক্লাস-পরীক্ষা চালিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করবেন।’

শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ফরিদউদ্দিন আহমেদ বলেন, ‘আমরাও আশা করছি, ওই কমিটির সভার মধ্যদিয়ে দাবি পূরণের প্রক্রিয়াটি শুরু হবে। ১ নভেম্বর সকাল ১০টায় ফেডারেশনের সাধারণ সভা হবে। সেখানে বিষয়গুলো আলোচনা করে পরবর্তী অবস্থান জানানো হবে। তবে আমরা আশা করি একটি সুষ্ঠু সমাধানে এগিয়ে যাওয়া যাবে।’

পূর্ব ঘোষিত ১ নভেম্বর থেকে লাগাতার কর্মসূচি পালনের যে বিষয়টি ছিল তা স্থগিত থাকবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফেডারেশনের মহাসচিব এ এসএম মাকসুদ কামাল বলেন, ‘সেরকই বলতে পারেন।’

কেএইচ