ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুর্ঘটনায় ট্রাকচালক ও তার সহযোগী (হেলপার) নিহত হয়েছেন।

রোববার (৫ সেপ্টেম্বর) সকালের দিকে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজনের মধ্যে চালকের নাম মমতাজ আলী (৩৫)। তিনি দিনাজপুর জেলার চকরামপুর গ্রামের মো: আকবর আলীর ছেলে বলে জানা গেছে। তবে হেলপারের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, টাঙ্গাইলগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৫০৫৭) ডুবাইল এলাকায় আরেকটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-২২-৯৭৩৪) পেছনে সজোড়ে ধাক্কা দেয়। এতে সামনের ট্রাকটি সড়কে উল্টে যায়। পেছনের ট্রাকটির সামনের অংশ ধুমড়ে-মুছড়ে ঘটনাস্থলেই চালক ও সহকারী নিহত হন। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ লাশ দুইটি উদ্ধার করে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজিজুল হক বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়ার পর মরদেহ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমবি