আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের দু'পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে স্থানীয় যুবলীগ নেতাসহ দু'জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত যুবলীগ নেতার নাম আরশেদ মাতব্বর। অন্যজন হলেন মুদি দোকানদার শাহজাহান ঘরামি (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে কুতুবপুর এলাকার আতিক মাতুব্বর ও ইব্রাহীম শিকদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এ ঘটনার জেরে মঙ্গলবার ভোরে দুই গ্রুপের প্রায় পাঁচ শতাধিক লোক সংঘর্ষে লিপ্ত হলে আতিক মাতব্বর গ্রুপের আরশেদ (৩৫) মাতব্বর গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই নিহত হয়।
এ সময় স্থানীয় মুদি দোকানদার শাহজাহান ঘরামি (৪০) গুলিবিদ্ধ হয়। পরে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়। আরশেদ স্থানীয় যুবলীগের কর্মী।
শাহজাহান একই এলাকার মান্নান ঘরামি ছেলে। আরশেদ দুলু মাতব্বরের ছেলে এবং আতিক মাতব্বরের ছোট ভাই।
উল্লেখ্য, ইব্রাহীম শিকদার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং আতিক মাতব্বর ইউনিয়ন যুবলীগের সভাপতি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এই সংঘর্ষ বাধে। দুইজনই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির জানান, এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান মনিরুজ্জামান।
এআর





