রাজশাহীর গোদাগাড়ী-তানোর আসনের সংসদ সদস্যে আলহাজ্জ ওমর ফারুক চৌধুরীর উপস্থিতিতে গোদাগাড়ী সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানকে মারধর করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ।
রোববার সন্ধ্যায় কলেজের পরিচালনা পর্ষদের সভায় পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ওয়েজ উদ্দিন বিশ্বাসের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে। পরে আহত অধ্যক্ষকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় গোদাগাড়ী সরকারী ডিগ্রি কলেজের সভাপতি ও সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী সভাপতিত্বে পরিচালনা পর্ষদের সভা চলছিল। সভায় কলেজের নানা অনিয়মের অভিযোগে অধ্যক্ষ আব্দুর রহমানকে দেয়া কারণ দর্শনের নোটিশের জবাব চাওয়া হয়।
এ সময় অধ্যক্ষ আরও সময় চান এবং কলেজের যা কিছু ঘটেছে তা সংসদ সদস্য ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতির পরামর্শেই হয়েছে বলে উল্লেখ করেন।
এ নিয়ে ওয়েজ উদ্দিন বিশ্বাসের সাথে অধ্যক্ষ আব্দুর রহমানের কথাকাটি হয়। এক পর্যায়ে ওয়েজ উদ্দিন বিশ্বাস ও তার লোকজন অধ্যক্ষের উপর হামলা করে তাকে পিটিয়ে জখম করে। এতে তার মাথা ফেটে যায়। পরে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এ ঘটনার পর আহত অধ্যক্ষকে দ্রুত হাসপাতালে নেয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয়। তবে এতেও বাধা দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে সংসদ সদস্যর হস্তক্ষেপে অধ্যক্ষকে অ্যাম্বুলেন্সে তুলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, কলেজের পরিচালনা পর্ষদের সভায় কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে তার আগেই পরিস্থিতি শান্ত হয় বলে জানান তিনি।
সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
জেড





