সিরাজগঞ্জে পুলিশের নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে দুই ডাকাত আহত হন। পরে তাদের আটক করা হয়।

সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারী এলাকার যমুনা নদী থেকে রোববার দুপুরে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ধারল ছোরা, দু'টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারিক জানান, প্রতিদিনের মতো রোববার দুপুর দেড়টার দিকে সদর থানার একটি টহল পুলিশের দল যমুনা নদীতে দায়িত্ব পালন করছিল। এ সময় দূর থেকে ডাকাত দলের একটি নৌকা পুলিশের নৌকাটিকে যাত্রীবাহী নৌকা মনে করে থামাতে বলে। দ্রুতবেগে ডাকাত দলের নৌকাটি পুলিশ টহল নৌকাটির কাছে আসে। কাছে আসার পর বুঝতে পারে তারা ফেঁসে গেছে। এ সময় ওই নৌকায় থাকা ৭-৮ ডাকাত দ্রুত নৌকা ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ এ সময় গুলি ছোঁড়ে, ডাকাতরাও পাল্টা গুলি চালায়।

গুলিবিদ্ধ দুই ডাকাত নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। তারা হলেন— সিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনার চরাঞ্চলের মেছড়া ইউনিয়নের মাটিকোড়া গ্রামের আয়নাল ডাকাতের ছেলে মোতালেব ডাকাত (২০) এবং একই গ্রামের নুরুল ডাকাতের ছেলে শাহাদত ডাকাত (২৩)। একজনের হাতে এবং অপরজনের পায়ে গুলিবিদ্ধ হয়।

এসআই আব্দুল বারিক আরও জানান, আটকদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা আছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।

কেএইচ