করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মধ্যে ১০ জন পুরুষ এবং ৭ জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৪৮৭ জন। এই সংখ্যা ৪ মাস পর সর্বনিম্ন। এর আগে গত ২৬ মে ১৭ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ১ হাজার ১৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৫৫ হাজার ৫১ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৮৬ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ১৪ হাজার ৯৬২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪২ শতাংশ।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি ৮২১টি ল্যাবরেটরিতে ২৮ হাজার ৫৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯৭ লাখ চার হাজার ৭২২টি।

নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪ দশমিক ১২ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক শূন্য ২ শতাংশ। মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে ৩ জন, রাজশাহীতে ১ জন ও খুলনা বিভাগে ১ জনের মৃত্যু হয়।

এমবি