পুলিশের একার পক্ষে জঙ্গিবাদ রোধ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
তিনি বলেছেন, জঙ্গিবাদ মাদকের ন্যায় ছেয়ে গেছে। জঙ্গি নির্মূল করতে পুলিশ বদ্ধপরিকর। তবে এটি পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে রোধ করা সম্ভব নয়। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
সোমবার রাজারবাগ পুলিশ লাইন্সে নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মরণে শোকসভা শেষে আইজিপি সাংবাদিকদের এ কথা বলেন।
গুলশান হামলার ঘটনায় দুইজন আটক আছে জানিয়ে আইজিপি বলেন, সুস্থ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
শহীদুল হক বলেন, রেস্তোরাঁটিতে হামলার পরই ২০ জনকে হত্যা করে জঙ্গিরা।
আইজিপির দাবি, তারপরও আইনশৃঙ্খলা বাহিনী অল্প কিছুক্ষণের মধ্যে ১৩ জনকে উদ্ধার করতে সক্ষম হয়।
এক প্রশ্নের জবাবে শহিদুল হক বলেন, হামলাকারী যারা নিহত হয়েছে তাদের পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। তবে মামলা তদন্তের স্বার্থে আমরাই তাদের সঙ্গে যোগাযোগ করব।
শুক্রবার রাতে গুলশান-২এর ৭৯ নম্বর সড়কে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় অস্ত্রধারীরা।
তারা ১৭ বিদেশীসহ ৩ বাংলাদেশীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এছাড়া তাদের ছোড়া গ্রেনেডে পুলিশের ২ কর্মকর্তা নিহত হন।
নিহতদের মধ্যে নয়জন ইতালির, সাতজন জাপানি ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশী, যাদের মধ্যে একজনের যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব ছিল।
পরদিন শনিবার সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযান 'অপারেশন থান্ডারবোলন্ট' পরিচালনায় নিহত হয় ৬ জঙ্গি। এসময় ১৩ জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়।
এআই





