যুক্তরাষ্ট্রে আবারো দুর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গেলো শনিবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের নর্থ হলিউডে এই ঘটনা ঘটে। নিহতের নাম আবুল কালাম রহিম। বয়স ৫৫ বছর। গেলো দুই মাসে যুক্তরাষ্ট্রে এ নিয়ে ৪ বাংলাদেশি খুন হলেন।

স্থানীয়রা জানায়, একটি লিকার স্টোরে কাজ করতেন নিহত আবুল কালাম। সি সি ফুটেজ থেকে জানা যায়, মাঝ রাতে দোকান বন্ধের কিছুক্ষণ আগে এক মহিলা সেখানে ঢুকে খুব কাছ থেকে তাকে গুলি করে।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ডাকাতিতে বাধা দেওয়ার কারণেই তিনি হত্যার শিকার হন বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা। তবে দোকান থেকে কিছু চুরি হয়নি। ক্যাশ বাক্স থেকেও কোনো অর্থ লুট হয়নি।

তদন্ত শুরু করেছে পুলিশ। এরই মধ্যে সংস্থাটি দোকানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ থেকে হত্যাকারীর ছবি ও গাড়ির লাইসেন্স নম্বর শনাক্ত করা হয়। এছাড়াও হত্যাকারীর ফিংগার প্রিন্টও সংগ্রহ করেছেন গোয়েন্দারা।

নিহত রহিমের বাড়ি ঢাকার খিলগাঁওয়ে। তার ঘনিষ্ঠজনেরা জানান, গত ১৬ বছর ধরে তিনি আমেরিকায় বাস করছিলেন। তার ৩ মেয়ে ও ১ ছেলে রয়েছে। ছেলে এবং ছোট মেয়েকে নিয়ে রহিম আমেরিকাতে থাকতেন। বিবাহিত বাকি দুই মেয়ে বাংলাদেশেই বসবাস করছেন।

জানা যায়, মেয়েদের দেখে মাত্র দু'মাস আগে তিনি বাংলাদেশ থেকে ঘুরে আসেন। একসময় বাংলাদেশে বিজ্ঞাপনের মডেল হিসেবেও কাজ করেছেন আবুল কালাম রহিম। আমেরিকায় প্রবাসী হওয়ার আগে তিনি জাপানেও ছিলেন।

পারিবারের সিদ্ধান্ত অনুযায়ী নিহত রহিমকে বাংলাদেশে দাফন করা হবে। আগামী সপ্তাহে তাঁর মরদেহ দেশে পৌঁছানোর কথা।

এদিকে আবুল কালাম রহিমের মৃত্যুতে স্থানীয় বাঙালি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা শোকাহত পরিবারে পাশে দাঁড়ানোর আহ্বানসহ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


এমএনজে