রাজশাহীতে বাসের সঙ্গে মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২৬ মার্চ) দুপুরের পর রাজশাহীর কাঁটাখালিতে এই দুর্ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষ বাঁধে। এসময় বাসটি পাশের আইল্যান্ডে আটকে যায়। স্থানীয়রা বাসের আহত যাত্রীদের উদ্ধার করে মেডিকেলে পাঠিয়ে দেয়। অন্যদিকে, মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের পরপরই ওই মাইক্রোটিতে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এরপর আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যাত্রীরা পুড়ে গেছেন। তাদের মরদেহ উদ্ধারের কাজ চলছে। এছাড়া আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম রুহুল কুদ্দুস জানান, মাইক্রোবাসটি রংপুর থেকে রাজশাহীতে আসছিল। অপরদিকে হানিফ পরিবহনের বাসটি ঢাকায় যাচ্ছিল। নগরের কাটাখালি থানার অদূরে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসে বিস্ফোরণ ঘটে। এসময় পাশে থাকা লেগুনাতেও আগুন ধরে যায়। ঘটনাস্থল থেকে ৬ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারা মারা যান। পরে মাইক্রোবাস থেকে আরও ১১ জনের লাশ উদ্ধার করা হয়।

জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো: আব্দুর রশিদ জানান, সংঘর্ষে মাইক্রোবাসে বিস্ফোরণ ঘটে। গাড়িতে ১৩ যাত্রী ছিল।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মতিয়ার রহমান জানান, এই দুর্ঘটনায় ১১ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

এমবি