গাজীপুরের কাপাসিয়া উপজেলার ত্রিমোহনী এলাকার শীতলক্ষ্যা নদীতে দুই ট্রলারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সাতজন আহত হন।

শুক্রবার দুপুর ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ট্রলার দুটি নদীতে ডুবে যায়।

নিহতরা হলেন- ট্রলারের মাঝি আব্দুর রহিম (৩০), যাত্রী রহিমা খাতুন (৪২) এবং অন্যজনের নাম জানা যায়নি। আব্দুর রহিম ময়মনসিংহ জেলার পাগলা থানার সুতার চাপড়া গ্রামের বাসিন্দা। রহিমা খাতুন একই থানার পশ্চিমতল্লী গ্রামের রহিমউদ্দিনের স্ত্রী। ওই ঘটনায় আরও সাতজন আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাপাসিয়ার টোক থেকে বরমীগামী একটি ট্রলারের সঙ্গে মাঝ নদীতে বরমী থেকে ত্রিমোহনীগামী যাত্রীবাহী একটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান ট্রলারের মাঝি আব্দুর রহিম ও যাত্রী রহিমা খাতুন।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা (ডিআইও-১) মো. সিরাজুল ইসলাম জানান, স্থানীয়ভাবে ট্রলার দুটি উদ্ধারের চেষ্টা চলছে।

কেএইচ