পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে গালি দেয়ায় রাজশাহীর বাঘা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তসিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে বাঘা থানা পুলিশ।

বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মত্তুর্জা বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ, পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে গালিগালাজসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের বিভিন্ন ঘটনায় তসিকুল ইসলামের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ সব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’

তসিকুল ইসলামের সঙ্গে লাল বাহাদুর নামে অপর এক উপজেলা ছাত্রলীগ নেতাকেও গ্রেফতার করেছে পুলিশ।

যুবলীগ নেতা তসিকুল ইসলামের বড় ভাই বাঘা উপজেলা আওয়ামী লীগ নেতা আলতাব হোসেন অভিযোগ করেন, ‘রবিবার বাঘা উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল। কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতা করায় তাকে গ্রেফতার করা হয়েছে।’

কাউন্সিলে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন সভাপতি পদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম ও সাধারণ সম্পাদক পদে বাঘা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বাবুল ইসলাম।

অপর প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন সভাপতি পদে বাঘা পৌর মেয়র আক্কাস আলী ও সাধারণ সম্পাদক পদে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তসিকুল ইসলাম।

স্থানীয় নেতৃবৃন্দ বলেন, উপজেলা কাউন্সিলের ঠিক আগ মুহূর্তে তসিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বাঘা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

তসিকুল ইসলামের বড় ভাই আলতাব হোসেন বলেন, বাঘা উপজেলা কাউন্সিলে তসিকুল ইসলামসহ অনেক আওয়ামী লীগ নেতাকে ভোটার করা হয়নি। পাশাপাশি দলে উড়ে এসে জুড়ে বসা কিছু নেতাকর্মীকে ভোটার করা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিপরীতে ভোট করার অপরাধে পুলিশ দিয়ে আমার ভাইকে গ্রেফতার করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মত্তুর্জা বলেন, সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে কয়েকটি সন্ত্রাসী মামলা আগে থেকেই থানায় আছে। সেই সঙ্গে গতরাতে মাতাল অবস্থায় বাঘার বিভিন্ন এলাকায় গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ স্থানীয় নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন তসিকুল ইসলাম। এ সময় টহল পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

এসএইচ