পারিবারিক বিরোধের জের ধরে চাচার হাতে মোহাম্মদ আলী (৩৫) নামে এক ভাতিজা গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে পাবনার শহরের সাধুপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ আলী সাধুপাড়া মহল্লার আশরাফুল হোসেন মিন্টুর ছেলে।
পুলিশ জানায়, বাড়ির জায়গা নিয়ে চাচা শাহাদত হোসেন সন্টু মিয়ার সঙ্গে ভাতিজা মোহাম্মদ আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এর জের ধরে শনিবার বিকালে চাচা-ভাতিজার কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এসময় চাচা সন্টু তার ভাতিজাকে বন্দুক দিয়ে গুলি করেন।
গুলিবিদ্ধ মোহাম্মদ আলীকে গুরুতর অবস্থায় পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) কাজি হানিফুল ইসলাম জানান, পারিবারিক বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে। তবে, এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।
ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





