জামায়াতের ডাকা হরতালের কারণে গাবতলী থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়ছে না।
বুধবার গাবতলী গিয়ে দেখা যায়, বাসস্ট্যান্ডে সারি সারি গাড়ি রয়েছে। নিত্যদিনের মতো নেই যাত্রীদের ভিড়।
কাউন্টারেও যাত্রীদের কোনো দেখা পাওয়া যায়নি। দূরপাল্লার বাস না ছাড়লেও গাবতলী থেকে লোকাল বাসগুলি চলাচল করছে। এসব বাস গাবতলী থেকে পাটুরিয়া-আরিচা পর্যন্ত চলাচল করছে।
গাবতলী হানিফ পরিবহণের কাউন্টার সুপারভাইজার রাজু জানান, হরতালের কারণে কোনো যাত্রী আসেনি। তা ছাড়া হরতালে গাড়ি ছাড়াটাও অনেকটা ঝুকিপূর্ণ। তাই কোনো গাড়ি ছাড়া হচ্ছে না। তবে রাতে পরিস্থিতি বুঝে গাড়ি ছাড়া হতে পারে।
সোহাগ পরিবহণ কাউন্টারের সুপারভাইজার রুবেল জানান, সকাল থেকে কোনো যাত্রী আসেনি। হরতালে রিস্ক নিয়ে মালিক পক্ষ গাড়ি ছাড়তেও চায় না। তবে সন্তোষজনক যাত্রী পাওয়া গেলে পরিস্থিতি বুঝে সন্ধ্যার দিকে গাড়ি ছাড়তে পারে। এ ছাড়া নিয়মিত রাত্রীকালীন সিডিউল অনুযায়ী গাড়ী ছাড়া হবে।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির আদেশ দেন। এরই প্রতিবাদে দুই দিনের হরতালের ডাক দেয় জামায়াত।
এএইচ





