সাতক্ষীরার তালায় জাকির হোসেন নামে এক অস্ট্রেলিয়া প্রবাসীকে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ‘জিহাদুল ইসলাম পার্টি বাংলাদেশ’ পরিচয়ে পাঠানো চিঠিতে ১৭ জুলাই তারিখ উল্লেখ থাকলেও জাকিরের মা মমতাজ বেগমের হাতে পৌঁছেছে অনেক পরে। তিনি ভয়ে চিঠি পাওয়ার বিষয়টি গোপন রাখেন। পরে তিনি গত ৩১ জুলাই তালা থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।

প্রবাসী জাকির হোসেন সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর গ্রামের মৃত ইউসুফ বিশ্বাসের ছেলে। জাকির হোসেন বর্তমানে অস্ট্রেলিয়ায় বাস করছেন।

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো এই চিঠি পৌঁছানোর পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছেন জাকিরের মা মমতাজ বেগম ও তার পরিবারের অন্যান্য সদস্যরা।

চিঠিতে লেখা আছে, ‘তুই অনেক ক্ষতি করেছিস আমাদের। এখন কেন পালিয়ে থাকিস। তোকে আমরা কেটে টুকরো টুকরো করে হাত পা মাথা বিচ্ছিন্ন করে ফেলবো। তুই এক মাসের মধ্যে দেখা করবি।’

জাকির হোসেনের মা মমতাজ বেগম জানান, ১৩ বছর আগে জাকির মালয়েশিয়া যান। সেখান থেকে পাঁচ বছর আগে জাকির অষ্ট্রেলিয়া যান এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন। প্রবাসী হওয়ার আগে বা পরে কারও সঙ্গে জাকিরের বিরোধ ছিল না।

চিঠি প্রেরকের ঠিকানায় লেখা আছে- জিহাদুল ইসলাম পার্টি বাংলাদেশ, ১৪৫/৩ মির্জাপুর রোড, খুলনা পরিচয়ে জনৈকা ফেরদৌস আরা বেগম, প্রযত্নে- জুলফিকার আলী, সাং- তালতলা, সাতক্ষীরা সদর, মোবাইল- ০১৭২৩ ৭৭১৯৮৭। চিঠিটি সেন্ট্রাল কুরিয়ার সার্ভিস পাটকেলঘাটা শাখার সিএন নং-২৭৫৯২০ এর মাধ্যমে প্রবাসী জাকির হোসেনের প্রতিবন্ধী ভাই নাজিম বিশ্বাসকে দেওয়া হয়।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) সগির মিয়া জানান, তিনি চিঠিটি হাতে পেয়েছেন। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএনজে