কুমিল্লার মনোহরগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাদিয়া বেগম (৫২) নামে এক নারী নিহত হয়েছেন।

উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের বিনইঘর গ্রামের পূর্ব ও মধ্য পাড়ার লোকজনের মাঝে সংঘর্ষ চলাকালে এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া বেগম ওই গ্রামের মৃত মাইন উদ্দিনের স্ত্রী।

এ ঘটনায় নিহত সাদিয়া বেগমের ভাই আবু সাইদ মজুমদার বাদী হয়ে রোববার দুপুরে ১৩ জনের নাম উল্লেখ করে মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে উপজেলার বিনইঘর গ্রামের পূর্ব পাড়া ও মধ্য পাড়ার যুবকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি। এ ঘটনার জের ধরে ওইদিন রাত সাড়ে ৯টার দিকে ফের মধ্য পাড়ার লোকজন তাদের দলবল নিয়ে পূর্ব পাড়ার যুবকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের লোকজনের ছোঁড়া ইট-পাটকেলের আঘাতে পূর্ব পাড়ার মৃত মাইন উদ্দিনের স্ত্রী সাদিয়া বেগম গুরুতর আহত হয়।
এ ঘটনায় আরো ছয়-সাতজন আহত হয়। পরে স্বজনরা সাদিয়া বেগমকে উদ্ধার করে লাকসাম জেনারেল হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা সাদিয়াকে মৃত ঘোষণা করেন।

মনোহরগঞ্জ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে রোববার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

মনোহরগঞ্জ থানার পরির্দশক (তদন্ত) মো. সাদেকুর রহমান জানান, বিনইঘরে সংঘর্ষের ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ইআর