নাটোরের নলডাঙ্গা উপজেলায় খাজুরা এলাকায় আত্রাই নদীর ওপর নির্মাণাধীন একটি সেতু ধসে পড়েছে। এতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলীসহ ১৪ শ্রমিক আহত হয়েছেন।

রোববার (০৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ‌এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলজিইডি খাজুরা বাজার সংলগ্ন পুরাতন আত্রাই নদীর ওপর একটি সেত‍ু নির্মাণ শুরু করে গত বছর।

রোববার দুপুরে সেতুর ওপরের অংশে ঢালাই কাজ চলছিল। এ সময় সেখানে এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম শেখ, নলডাঙ্গা উপজেলা প্রকৌশলী আজমল হোসেনসহ সংশ্লিষ্ট ঠিকাদার উপস্থিত ছিলেন।

তারা চলে যাওয়ার পরপরই বিকেলে ঢালাইয়ের এক পর্যায়ে সেতুটি ধসে পড়ে। এতে এলজিইডির উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলামসহ ১৪ শ্রমিক আহত হন।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার জাহান বাংলানিউজকে জানান, সেতু ধসের খবর স্থানীয় লোকজনের কাছে শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখতে নির্বাহী প্রকৌশলীকে বলা হয়েছে।

এ ব্যাপারে নাটোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ওএফ