বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ জনে।
এছাড়া নতুন করে আরও ৬ জন শনাক্ত হয়েছেন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।
মঙ্গলবার (২৪ মার্চ) করোনার সবশেষ পরিস্থিতি নিযে অনলাইন লাইভ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, করোনাভাইরাসে মারা যাওয়া চতুর্থ ব্যক্তিটির বয়স ৭০ বছর। তিনি আগে থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আইইডিসিআর পরিচালক আরও বলেন, মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে। আইসোলেশনে আছেন মোট ৪০ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৬ জন।
বাংলাদেশে ০৮ মার্চ প্রথম তিনজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। আর ১৮ মার্চ একজনের মৃত্যুর খবর জানানো হয়। দুদিন পর ২১ মার্চ আরও এক বৃদ্ধের মৃত্যুর খবর নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।
গতকাল (সোমবার) আরও একজনের মৃত্যুর খবর জানায় আইইডিসিআর।
১৯০টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া কোভিড-১৯ রোগকে ইতিমধ্যে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু। এতে মৃত্যুর সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে।
এমবি





