কুষ্টিয়ার ভেড়ামারায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জাকির হোসেন (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই যুবক মারা যান। নিহত জাকির উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামের নিজাম মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসচ্ছিল আড়কান্দি এলাকার নিজাম মোল্লা এবং নজরুল গংদের মধ্যে।
সোমবার রাতে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করার ঘটনাকে কেন্দ্র করে প্রথমে সংঘর্ষ শুরু হয়। এ সময় নিজাম মোল্লার লোকজন মারপিট করে আহত করে প্রতিপক্ষ নজরুলকে (৪০)।
পরে রাত ৯টার দিকে নজরুল গংরা সংঘবদ্ধ হয়ে ধারালো এবং ভারী অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালালে সংঘর্ষ আবারও শুরু হয়। দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর জখম নিজাম মোল্লার ছেলে জাকির (২৮), জহুরুল (৩০), ফিরাদুল (৩২), নিজাম মোল্লার স্ত্রী রুশিয়া বেগম, এনামুলর ছেলে মমিন (৩০)।
রাতেই আশঙ্কাজনক অবস্থায় জাকির ও জহুরুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্যদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে মঙ্গলবার দুপুরে জাকির মারা যান।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসএইচ





