বিএনপির ১০ দফা দাবিতে আয়োজিত পদযাত্রা কর্মসূচি চলাকালে অসুস্থ হয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার বাবলু মারা গেছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে পদযাত্রা চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স পার হলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। সহকর্মীরা দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিএনপির ১০ দফা দাবিতে শনিবার বিকেল ৩টার দিকে শহরের ভিমরুল্লাহ থেকে পদযাত্রাটি শুরু হয়ে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে যাচ্ছিল। চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের অদূরে পৌঁছালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন আব্দুল জব্বার। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জোবাইদা জামান জয়া বলেন, বিকেলে সাড়ে ৪টার দিকে আব্দুল জব্বারকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
আব্দুল জব্বার বাবলু ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এইচএম





