সিরাজগঞ্জের শাহজাদপুরে এক শারীরিক প্রতিবন্ধী তরুণী (১৮) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মঙ্গলবার শাহজাদপুর থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে। ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল জেলা সদরে প্রতিবন্ধীদের নিয়ে করা এক অনুষ্ঠানে ওই তরুণী যোগ দেন। সেখান থেকে বাসে করে উপজেলা সদরে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। পরে বাস থেকে নেমে বাড়িতে যেতে একটি সিএনজি অটোরিকশায় ওঠেন। তখন সেটিতে আরও এক যাত্রী ছিলেন। অটোরিকশাটি কিছু দূর যাওয়ার পর ওই যাত্রী ও গাড়িটির চালক ওড়না দিয়ে তাঁর হাত ও মুখ বেঁধে ফেলেন। এরপর পৌর এলাকার একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গণধর্ষণ করেন। এরপর রাত ১০টার দিকে তাঁকে বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে ধর্ষণের শিকার ওই তরুণী মুঠোফোনে বিষয়টি স্থানীয় একটি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতিকে জানান। পরে ওই সভাপতি গিয়ে তাঁকে উদ্ধার করেন।
ধর্ষণকারী দুই ব্যক্তিকে দেখালে চিনতে পারবেন বলে জানিয়েছেন ধর্ষণের শিকার ওই তরুণী।
শাহজাদপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) রেজাউল হক বলেন, ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজধানীতে এক কর্মজীবী কিশোরী গণধর্ষণের শিকার হন। এরপর শনিবার রাজবাড়ীর গোয়ালন্দে এক ছাত্রী গণধর্ষণের শিকার হন।
কেএইচ





