নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শহরের রূপগঞ্জ বাসস্ট্যান্ড (মুচিপোল) এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহত নজরুলকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা আবু নাছের বিশেষায়িত হাসপাতালে নেয়া হয়েছে। ১৫-২০ জন সন্ত্রাসী হকিস্টিক ও লাঠি নিয়ে নজরুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ রয়েছে। এ হামলায় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হয়েছে।

এ ঘটনায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা শেখ হাফিজুর রহমানসহ বিভিন্ন পেশার মানুষ আহত নজরুল ইসলামকে হাসপাতালে দেখতে যান।

এদিকে, এ হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেন দলীয় নেতাকর্মীরা। হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। দলীয় নেতাকর্মীরা জানান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ খেলার মাঠে হস্ত-বস্ত্র ও শিল্প মেলার নামে র‌্যাফেল ড্র এবং জুয়া বন্ধের দাবিতে জোরালো আন্দোলন করে আসছিলেন ওয়ার্কার্স পার্টির নেতা নজরুল ইসলাম।

এ কারণে চিহিৃত সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়েছে। সদর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে।

জানা যায়, মণিপুরী তাঁতী শিল্প ও জামদানী বেনারসি কল্যাণ ফাউন্ডেশন এবং গোপালগঞ্জ হ্যান্ডলোম অ্যাসোসিয়েশনের আয়োজনে গত ১৩ অক্টোবর থেকে র‌্যাফেল ড্রর নামে জুয়া খেলার আয়োজন করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে আন্দোলনের মুখে গত ২৩ অক্টোবর র‌্যাফেল ড্র বন্ধের ঘোষণা দেন নড়াইল জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ।

এমবি