রাজধানীর ওয়ারীতে গুলিবিদ্ধ স্থানীয় যুবলীগ নেতা আব্দুল মান্নান (৩০) মারা গেছেন।

চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৭টায় এ্যাপোলো হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

ওয়ারী শেরেবাংলা স্কুল রোডে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় তাকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) এবং পরে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে এ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়।

ওয়ারি থানার ওসি (তদন্ত) সুভাষ কুমাড় পাল জানান, সকাল ৭টায় এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল মান্নান।

তিনি বংশাল থানার ৩১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি র‌্যাবের সোর্স হিসেবেও কাজ করতেন।

আব্দুল মান্নানের বাবার নাম আলী মিয়া।

নিহতের স্ত্রী নূরজাহান সাথী মঙ্গলবার রাতে জানান, তাদের বাসা শেরেবাংলা স্কুল রোডে। ২১/১ নম্বর সাততলা ভবনের তিনতলায় থাকেন তারা। মিটফোর্ড এলাকায় তার স্বামীর ওষুধের দোকান রয়েছে।

তিনি আরও জানান, রাত সাড়ে ১০টায় গুলির শব্দ পেয়ে তিনি নিচে এসে দেখেন তার স্বামী গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। এ সময় তারা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন।

ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ এএসআই (সহকারী উপ-পরিদর্শক) সেন্টু চন্দ্র দাস চিকিৎসকের বরাত দিয়ে জানান, আব্দুল মান্নানের মাথা ও পেটে মোট দুইটি গুলি লেগেছিল।

এমকে