নাটোরের পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার নলডাঙ্গার হালতিবিলে জমিতে পানি দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক ও বাগাতিপাড়া উপজেলার বড়পাকুরিয়া গ্রামে রেল লাইনের পাশে গাছ কাটার সময় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন-নলডাঙ্গা উপজেলার পাটুল গ্রামে আব্দুর রহমানের ছেলে আফজাল হোসেন ও বাগাতিপাড়া উপজেলার বড়পাকুরিয়া গ্রামের আমেদ আলীর ছেলে নজরুল ইসলাম।

নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক কৃষ্ণ সরকার জানান, কৃষক আফজাল হোসেন সকালে তার জমিতে পানি দেয়ার জন্য শ্যালো মেশিন ঘরে যান। সেখানে শ্যালো মেশিন চালাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

তার চিৎকারে মাঠে থাকা অন্যান্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, উপজেলার বড়পাকুরিয়া গ্রামে রেল লাইনের পাশে গাছ কাটছিলেন নজরুল ইসলাম নামে এক শ্রমিক। এসময় রেললাইন দিয়ে রাজশাহী থেকে নাটোরগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি অতিক্রমকালে নজরুল ইসলামের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

নাটোরের রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত দেখা হচ্ছে।

এমএনজে