দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট বাজারে খুচরা জ্বালানি তেলের দোকানে আগুন লেগে একই পরিবারের তিন সদস্য অগ্নিদগ্ধ হয়েছেন। এ সময় ৩টি বাড়ি ও ৩টি দোকান আগুনে পুড়ে যায়। শনিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন- দোকান মালিক বাবলুর ছেলে মো. রনি বাবু (২৫), মেয়ে মনিরা (৩৫) ও স্ত্রী রূপিয়া বেগম (৫৫)।
দিনাজপুর ফুলবাড়ি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহমান সরকার জানান, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফুলবাড়ি ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিদগ্ধদের দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তিনি আরো জানান, অগ্নিদগ্ধদের অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এমএনজে





