সিরাজগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় এ ঘটনা ঘটে। নিহত স্ত্রীর নাম সোনিয়া খাতুন(২৪)।
আগুনে তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়ে আজ বুধবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানায় চিকিৎসাধীন ডাক্তার। পারিবারিক কলহের জের ধরে তার স্বামী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহতের স্বজনরা জানান, এনায়েতপুর থানার রুপনাই চড়কাদহ গ্রামের তাঁত শ্রমিক আব্দুল খালেকের মেয়ে সোনিয়া খাতুনের সাথে গোপালপুর বাজার সংলগ্ন আরেক তাঁত শ্রমিক জাহাঙ্গীর হোসেনের পাঁচ বছর আগে প্রেম করে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। এ নিয়ে অসংখ্যবার দেন-দরবারও হয়েছে।
হঠাৎ করে গতকাল মঙ্গলবার দুপুরে জাহাঙ্গীর হোসেন কৌশলে তার তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে এনায়েতপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার পাশের গলিতে এনে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পুরো মুখমণ্ডল সহ মুখ থেকে কোমর পর্যন্ত আগুনে ঝলসে যায়। তখন সোনিয়ার চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে তাকে থানা পুলিশের আর্থিক সহায়তায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে মারা যান।
এ ঘটনায় এনায়েতপুর থানায় নিহত গৃহবধূর মা নুর নাহার বাদী হয়ে জাহাঙ্গীর হোসেনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে।
এ ব্যাপারে এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, হাসপাতালে আনবে সে সামর্থ্যও ছিল না পরিবারটির। আমরা নিজে থেকে আর্থিক সহায়তা করে অ্যাম্বুলেন্স ও চিকিৎসার ব্যবস্থা করেছি। আর নিহতের স্বামী জাহাঙ্গীর হোসেনকে আটকের জন্য অভিযান চলছে। তাকে উপর্যুক্ত শাস্তির আওতায় আনা হবে।
জেড





