চোখের পানিতে বুক ভাসিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ( বিএসএফ) গুলিতে নিহত ফেলানী হত্যার বিচার চাইলেন বাবা কৃষক নুরুল ইসলাম। তিনি ফেলানীর হত্যার বিচারের জন্য বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার বিকেলে নাগরিক পরিষদ আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানান তিনি।
কৃষক নুরুল ইসলাম সরকারের উদ্দেশ্যে বলেন, ‘ব্যথা সেই বোঝে যার সন্তানকে গুলি করে হত্যা করা হয়। আমি বুঝি আমার মেয়েকে গুলি করে হত্যা করা হয়েছে। যেদিন আমার চোখের সামনে আমার মেয়েকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, সেদিন আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমি শুধু আমার মেয়ের হত্যাকারী অমিয় ঘোষের ফাঁসি চাই।’
তিনি আরও বলেন, ‘আমি ভারত সরকার ও বাংলাদেশ সরকারের কাছেও দাবি জানাই, দুই সরকার মিলে যেন অমিয় ঘোষের বিচার করে।’
ফেলানীর বাবা নুরুল ইসলাম যে সীমান্তে ফেলানী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে সেই সীমান্তের নাম ও গুলশানের একটি সড়ক ফেলানীর নামে নামকরণের দাবি জানান। এছাড়া সরকারের কাছে নিজের একটি চাকরিও দাবি করেন।
নাগরিক পরিষদের আহ্বায়ক শামছুদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতা শামছুল আলম, জাগো গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের নেতা বাহারে সুলতান বাহার, গার্মেন্টস শ্রমিক নেত্রী লাভলী ইয়াসমিন।
জেআই





