বিএনপি সমর্থিত ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র আপিলের শুনানি শেষ হয়েছে। এর রায় সন্ধ্যা ৭টায় দেওয়া হবে।
এছাড়া, মিন্টুর আপিল শুনানি শেষে বিএনপি সমর্থিত ঢাকা দক্ষিণের প্রার্থী নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর আপিল শুনানি শুরু হয়েছে।
শনিবার বিকেল ৪টার কিছু পরে আপিল আবেদনের শুনানি শুরু হয়। প্রথমে আবদুল আউয়াল মিন্টুর ও পরে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর অপিল শুনানি হয়। রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমান অপিলের শুনানি করেন।
মেয়রপ্রার্থী মিন্টু ও পিন্টুর পক্ষে শুনানিতে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, জমির উদ্দিন সরকার, বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, আইনজীবী সানাউল্লাহ মিয়া ও বদরুদ্দোজা বাদল।
তাদের দুইজনেরই মনোনয়নপত্র বুধবার (০১ এপ্রিল) বাছাইকালে বাতিল হয়। এরপর ঢাকা উত্তর ও দক্ষিণের এই দুই প্রার্থী আইনজীবীর মাধ্যমে সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্রের বৈধতা চেয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহস্পতিবার (০২ এপ্রিল) আপিল করেন।
জেআই





