ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার এর ফ্লাইট চালু হয়েছে। বৃহস্পতিবার সকালে ৬৬ জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি সৈয়দপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়।

এই সময় নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নভোএয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ দিয়ে প্রতিদিন দুইটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা-সৈয়দপুর রুটে ভাড়া সর্বনিম্ন ৩২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা শুরু উপলক্ষে প্রথম একমাস একটি টিকেট কিনলে আরেকটি টিকিট ফ্রি দেওয়া হচ্ছে। এছাড়া ঢাকায় কানেক্টিং ফ্লাইটের মাধ্যমে সৈয়দপুর থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও যশোর ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। এজন্য ৬০০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, যশোর এবং সিলেট রুটে ফ্লাইট পরিচালনা করছে। আন্তর্জাতিক রুটে ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা প্রতি সপ্তাহে ৩টি করে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।

ওএফ