চট্টগ্রামের পটিয়া উপজেলায় কোলাগাঁও ইউনিয়নে পুকুরে ডুবে তিন সহোদর বোনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলের দিকে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো কোলাগাঁও গ্রামের বন্দরশ্রমিক কফিল উদ্দিনের তিন মেয়ে সাদিয়া (৭), মুন্তাহিন (৫) ও মাইশা (৩)। তাদের সামিয়া আক্তার নামের ১১ বছর বয়সী আরেক বোন রয়েছে। তিন মেয়েকে হারিয়ে বাবা কফিল উদ্দিন বাকরুদ্ধ।

কোলাগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহমদ নুর বলেন, সাদিয়া ও মুন্তাহিন বিদ্যালয় থেকে এসে খাওয়াদাওয়ার পর বিকেলে বাড়ির পাশে খেলতে যায়। সঙ্গে যায় ছোট বোন মাইশাও।

খেলতে খেলতে ছোট বোন মাইশা বাড়ির পাশে পুকুরে নেমে ডুবে যায়। এ সময় মাইশাকে উদ্ধারের জন্য অন্য দুই বোন সাদিয়া ও মুন্তাহিন পুকুরে নামলে তারাও পুকুর থেকে উঠতে পারেনি। ছোট বোন মাইশার সঙ্গে ডুবে যায় সাদিয়া ও মুন্তাহিন।

দীর্ঘক্ষণ মেয়েদের না দেখে তাদের খুঁজতে থাকেন মা। পরে পুকুরপাড়ে গিয়ে দেখেন, তার মেয়েদের মরদেহ পুকুরে ভাসছে। সাদিয়া-মাইশাদের মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুকুর থেকে মৃতদেহগুলো উদ্ধার করে।

এমআর