যশোরের শার্শায় একটি যাত্রীবাহী বাস উল্টে ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
যশোর-নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে রোববার রাত সাড়ে ৮টার দিকে খাজুরা নামক স্থানে এ ঘটনা ঘটে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি যাত্রীবাহী বাস (যশোর জ-০৪-০০১৪) নাভারণের খাজুরা নামক স্থানে উল্টে যায়। এ ঘটনায় ১০ জন আহত হন। প্রাথমিকভাবে আহতদের সবার নাম জানা যায়নি। যাদের নাম জানা গেছে তারা হলেন- শিশু নাহিদ, বাবু, সাতক্ষীরার শ্যামনগর এলাকার কুলসুম, ফাতেমা, শিশু সালমান, আরিয়া এবং মরিয়ম বেগম।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করে প্রথমে নাভারণ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে শিশু নাহিদ ও বাবুসহ তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের বাড়ী সাতক্ষীরার শ্যামনগর ও শার্শার উলাশি এলাকায়।
নাভারণ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ বুলবুল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। চালক পালিয়ে গেছে।
এমকে





