কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাঝপাড়া গ্রামের মণ্ডলপাড়ায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আকাম উদ্দিন ওরফে আকাইল (৬৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রবিবার (৯ অক্টোবর) সকালে তিনি মৃত্যুবরণ করেন। এর ফলে ওই সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা ৩ এ গিয়ে দাঁড়ালো। এর আগে সংঘর্ষের ঘটনায় ইমান আলী মণ্ডল (৪২) ও শাহাবুদ্দিন (৪৫) নামে দুইজন মারা যান।

গত ২৪ সেপ্টেম্বর সকালে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কেরামত আলী এবং সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত এবং আকাম উদ্দিনসহ ১৫ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে আকাম উদ্দিন ওরফে আকাইলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ১৫দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার সকালে মারা যান।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আকাম উদ্দিন ওরফে আকাইলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে সংঘর্ষের পরদিন ২৫ সেপ্টেম্বর নিহত ইমান আলীর চাচাতো ভাই কামরুল হাসান বাদী হয়ে ৭৯ জনের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মামলা দায়ের করেন।

ঐ মামলায় প্রধান আসামি ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেনসহ ৯ জন আটক রয়েছেন বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।


এমএনজে