অতিরিক্ত যানবাহনের চাপ ও বঙ্গবন্ধু বহুমুখী সেতুর পশ্চিম প্রান্তে যানবাহনের ধীরগতির জন্য বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদে ঘরমুখী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
যানজটে বিক্ষুব্ধ যাত্রীরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের (হাকিম) গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।
আজ (০৪ জুন) মঙ্গলবার থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে টাঙ্গাইলের করটিয়া পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বঙ্গবন্ধু বহুমুখী সেতুর পূর্ব প্রান্তে টোল আদায় বন্ধ থাকায় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে ঈদে ঘরমুখো যাত্রীরা। এই অবস্থায় মহাসড়ক স্থবির হয়ে পড়েছে।
এদিকে, দুপুর ১২টার দিকে মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রসুলপুর এলাকায় হঠাৎ বিক্ষুদ্ধ হয়ে উঠেন ঘরমুখী যাত্রীরা। এসময় তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এসময় সেখানে অবস্থানরত টাঙ্গাইলের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের (হাকিম) গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঘটনাস্থলে থাকা টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, “দুপুরের দিকে ম্যাজিস্ট্রেটের গাড়িটি ঢাকামুখী লেন হয়ে আসছিল। এসময় বিক্ষুব্ধ যাত্রীরা ওই গাড়িতে আগুন ধরিয়ে দেয়।”
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান মনির জানান, বঙ্গবন্ধু সেতু থেকে যানবাহন সিরাজগঞ্জ পর্যন্ত যেতে পারছে না। ফলে সেতুর পূর্ব প্রান্তে টোল প্লাজার টোল গ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বন্ধ রাখা হয়। এছাড়া মহাসড়কে গাড়ির অতিরিক্ত চাপ রয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।
বিক্ষুব্ধ যাত্রীরা গণমাধ্যমকে বলেন, ৬ ঘণ্টা ধরে তারা এখানে দাঁড়িয়ে আছে। কিন্তু গাড়ি একসুতোও নড়ছে না। তাদের অভিযোগ, রাস্তা পরিষ্কার করার জন্য প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
মাইক্রোবাসচালক বলেন, “কাল রাত ১০টায় ঢাকা থেকে এসেছি। সাভার থেকে জ্যাম ঠেলতে ঠেলতে এখানে এসেছি। কিন্তু ভোর ৪টা থেকে এখন বেলা ১২টা বাজে এক জায়গায় বসে আছি। কোনো গাড়ির নড়াচড়া নেই। আমরা রোজা আছি। না খেয়েই রোজা রাখছি। বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে।”
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম জানান, বঙ্গবন্ধু সেতু থেকে যানবাহন সিরাজগঞ্জ পর্যন্ত যেতে পারছে না। মহাসড়কে গাড়ির অতিরিক্ত চাপ রয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। তিনি বলেন, গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার যানবাহন এ সড়কে চলেছে।
এমবি





