রাজশাহী মহানগরীর বায়া এলাকার দুর্গা মন্দিরে তিনটি মূর্তি ভাঙচুরের ঘটনায় দুই খ্রিস্টান যুবককে আটক করা হয়েছে।
রোববার রাতে মূর্তিগুলো ভাঙচুর করা হয়। সোমবার সকালে খ্রিস্টানপাড়া থেকে দুই যুবককে আটক করেছে শাহমখদুম থানা পুলিশ।
আটককৃতরা হলেন, বায়ার সন্তোষপুর খ্রিস্টানপাড়া এলাকার বিশ্বাস সরেনের ছেলে সুমন সরেন (২২) এবং শ্যামকান্তি মার্ডির ছেলে রাফায়েল মার্ডিকে (২২)।
শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান ভূঁইয়া জানান, রোববার রাতে বায়ার দুর্গা মন্দিরে হামলা চালিয়ে একটি মূর্তির মাথা ও দুটির হাত ভাঙচুর করা হয়। সোমবার সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে থানায় খবর দেন।
পরে ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভুগরইল এলাকা থেকে সুমন এবং বায়া বাজার থেকে রাফায়েলকে আটক করা হয়।
তিনি জানান, ভাঙচুরের ঘটনায় দুর্গা মন্দির পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী দুলাল সোমবার দুপুরে থানায় মামলা করেছেন।
ঢাকা,৪আগস্ট (টাইমনিউজবিডি.কম)//জেডআই





