সিরাজগঞ্জের বেলকুচিতে নিজ ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করায় আবদুল ওয়াদুদ (৩৪) নামে এক প্রভাষককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

সোমবার সন্ধ্যার আগে বেলকুচি ডিগ্রি কলেজের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়।

আটক আবদুল ওয়াদুদ ওই কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ও কামারখন্দ উপজেলা রায়দৌলতপুর গ্রামের আবদুল মালেকের ছেলে।

বেলকুচি থানার উপপরিদর্শক নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, প্রভাষক আবদুল ওয়াদুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নানা ধরনের কটূক্তি লিখে নিজ ফেসবুক ওয়ালে পোস্ট করেন।

বিষয়টি বেলকুচি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের জিএস নয়ন আহমেদ ও কলেজ ছাত্রলীগের সহসভাপতি রিয়াদ হোসেনের নজরে আসলে তারা তাৎক্ষণিক প্রভাষক আবদুল ওয়াদুদকে কলেজের একটি কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে সন্ধ্যার আগে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রভাষকে আটক করে। প্রাথমিকভাবে বিষয়টির সত্যতা পাওয়া গেছে।

এ ঘটনায় কলেজ ছাত্র সংসদের জিএস নয়ন আহমেদ বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।

এমই