লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কদমতলা মোড়ে ভারতের আইপিএল খেলায় বাজি নিয়ে সংঘর্ষে সন্তোষ চন্দ্র (২৫) নামে এক জন নিহত হয়েছে।

শনিবার সকালে রংপুর মেডিকলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সন্তোষ চন্দ্র ওই এলাকার কালীদাস চন্দ্রের ছেলে বলে জানা গেছে।

মহেন্দ্রনগর ইউনিয়ন চেয়ারম্যান মশিউর রহমান বসুনিয়া বলেন, আইপিএল খেলার বল ও ওভার প্রতি সন্তোষ চন্দ্রের সাথে বাজি ধরে ওই এলাকার নুরুজ্জামান। গত বুধবার বাড়ির পাশে কদমতলা মোড়ে বাজিতে নুরুজ্জামান হেরে গেলেও টাকা পরিশোধ না করায় দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়।

এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হলে নুরুজ্জামানের আঘাতে সন্তোষ চন্দ্র গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন সন্তোষ চন্দ্রকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। লালমনিরহাট সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।সরকার/জেড