নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতি নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় চার জেলেকে জেল ও জরিমানা করে আদালত। পরে তাদের ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা ও কিছু মাছ জব্দ করে পুলিশ।
মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহীন হোসেন জানান, ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সরকার প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরা বিক্রি ও পরিবহণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর পরও কিছু অসাধু জেলে পদ্মার শাখা নদী মধুমতিতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরা অব্যাহত রাখে। তাদের নিবৃত করতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
আটককৃত জেলেরা হলেন- চরপাচুড়িয়া গ্রামের আবুল বাশারের ছেলে কামরুল ইসলাম (৪২), ছাবিনগরের মুনছুর উদ্দিনের ছেলে মমিন উদ্দিন (৫০), কলমধরীর রশীদ শেখের ছেলে হাসেম আলী (৪৫) ও তল্লাবাড়িয়া গ্রামের মৃত আসির উদ্দিন শেখের ছেলে শামছু শেখ (৫২)। কামরুল ইসলামের সাত দিনের জেল ও বাকি তিনজনকে তিন হাজার টাকা করে জরিমানা ধার্য করেন ভ্রাম্যমাণ আদালত।
পরে মধুমতি পারে থানা ভবনের সামনে ইউএনওর উপস্থিতিতে জব্দকৃত প্রায় দুই হাজার মিটার কারেন্ট জাল ও ২০টি সাংড়ে জালে অগ্নিসংযোগ করা হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার সুদীপ কুার বিশ্বাস ও এসআই ইমরোজ।
মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহীন হোসেন জানান, ইলিশের প্রজনন মৌসুমে এ ধরনের অভিযান আরো চলবে।
কেএইচ





