বগুড়ায় রবিবার এক হাজার ৭০০ বোতল ফেন্সিডিলসহ জাতীয় শ্রমিক লীগের  বগুড়া শহর শাখার যুগ্ম আহ্বায়ক তুফান সরকার এবং তার ২ সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছে থাকা সোয়া ৪ লক্ষাধিক টাকাও জব্দ করা হয়।

রবিবার ভোররাতে র‍্যাব-১২ বগুড়ার একটি দল শহরের চকসুত্রাপুর এলাকায় শ্রমিকলীগ নেতা তুফান সরকারের নির্মাণাধীন বাসভবনের নিচতলার একটি কক্ষ থেকে এক হাজার ৭০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। তুফান সরকার (২৫) চকসুত্রাপুর চামড়াগুদাম এলাকার মজিবর সরকারের ছেলে ।

গ্রেফতারকৃত অপর দুজন হলো—জয়পুরহাট জেলার কালাই উপজেলার আকন্দপাড়া গ্রামের মৃত আমশের আলীর ছেলে আমিনুর ইসলাম (৪০) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দাঙ্গাবিরাট গ্রামের অসিমুদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৩০)। 

অভিযানে নেতৃত্ব দানকারী র‍্যাব-১২-এর কোম্পানি কমান্ডার লেফট্যান্যান্ট কমান্ডার আলী হায়দার চৌধুরী জানান—গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে সহকারী পুলিশ সুপার মশিউর রহমানসহ র্যাবের একটি দল নিয়ে  শহরের চকসুত্রাপুর চামড়াগুদাম এলাকায় তুফান সরকারের নির্মাণাধীন বাসভবনে অভিযান চালিয়ে নিচতলার একটি কক্ষ থেকে কয়েকটি বস্তায় থাকা মোট ১ হাজার ৭০০ বোতল ফেন্সিডিল ছাড়াও ৪ লাখ ১৬ হাজার ৯৩ টাকা এবং ৬টি মোবাইল সেট উদ্ধার জব্দ করা হয়। এ সময় সেখান থেকে তুফান সরকার এবং তার ২ সহযোগীকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১২-এর পক্ষ থেকে জানানো হয়—আটককৃতরা দীর্ঘদিন ধরে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। বগুড়া সদর থানায় অভিযোগ দায়েরের পর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেআই