পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রতারণার দায়ে রুহুল আমিন (৪২) নামের এক ভুয়া চিকিৎসককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার বেলা পৌনে দুইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফরিদউদ্দিন এ সাজা দেন। রুহুল আমিনের বাড়ি বরগুনার বামনা উপজেলার গোলাঘাট গ্রামে।

মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিবুল্লাহ জানান, মঠবাড়িয়া পৌরশহরের নিউ মার্কেট সড়কের একটি ঘরে দীর্ঘদিন ধরে রোগীদের চক্ষু চিকিৎসা দিয়ে আসছেন রুহুল আমিন। তাঁর বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের কোনো চিকিৎসা সনদ নেই।

চিকিৎসক না হয়েও রোগীদের চক্ষু চিকিৎসা দেওয়ার দায়ে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮ (১) (৩) ধারার তাঁকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড দেন।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা বশির আহমেদ বলেন, এমবিবিএস ডিগ্রি এবং চক্ষু বিশেষজ্ঞ ছাড়া কোনো চিকিৎসক রোগীদের চক্ষু চিকিৎসা দিতে পারেন না।

এমআর