করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিধিনিষেধ চলাকালীন সরকারি অফিসের দাপ্তরিক কার্যাবলী ভার্চুয়ালি করার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
রোববার (১১ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো: রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, “করোনাভারাসজনিত রোগ (কোভিড-১৯)- এর সংক্রমণ বিস্তার রোধকল্পে আরোপিত বিধি-নিষেধে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের বর্তমান এই পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে সকল জরুরি অফিস ও সেবা কার্যক্রম চালু রয়েছে। এক্ষণে সকল সরকারি অফিসের দাপ্তরিক কাজসমূহ ভার্চুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”
এ প্রজ্ঞাপন অনুযায়ী, পদক্ষেপ নিতে সব সিনিয়র সচিব ও সচিবদের দপ্তরে পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), সব বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান তথ্য কর্মকর্তা, সব জেলা প্রশাসক, মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের একান্ত সচিব এবং সব উপজেলা নির্বাহী অফিসারদের কাছে পাঠানো হয়েছে।
এর আগে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ০১ জুলাই সকাল ৬টা থেকে সারাদেশে শুরু হয় ৭ দিনের কঠোর বিধিনিষেধ। এই বিধিনিষেধ ছিল ০৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। পরে বিধিনিষেধের মেয়াদ আরও ৭ দিন অর্থাৎ ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে।
কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে শুরু থেকে পুলিশ, র্যাবের পাশাপাশি মাঠে রয়েছে বিজিবি ও সেনাবাহিনী।
গত ২৪ জুন কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি কমিটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি এবং ডেল্টা ভ্যারিয়্যান্টের সামাজিক সংক্রমণ হয়েছে। এ অবস্থায় সারা দেশে কমপক্ষে ১৪ দিনের ‘শাটডাউন’ জারির সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরার্মশক কমিটি।
এমবি





