বাংলাদেশে সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়েই শনিবার রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

গতকাল শনিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়েই বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পৌঁছালে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম তাকে স্বাগত জানান।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়েই বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং সেখানে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়েইর সাথে ছিলেন।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নেতৃত্বের সাথে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনার জন্য শনিবার বিকেলে ঢাকা সফরে আসেন। কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আবদুর রাজ্জাক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

আজ রোববার (০৭ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সাক্ষাৎ করার কথা রয়েছে। এ ছাড়াও এ দিন তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সূত্র : বাসস।

এবিএস