করোনাভাইরাসের কারণে যাত্রীর নিরাপত্তায় চট্টগ্রাম-ঢাকা রুটের ‘সোনার বাংলা এক্সপ্রেস’ এবং নোয়াখালী-ঢাকা রুটের ‘উপকূল এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেন চলাচল আজ (২১ জুন) রোববার থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে।
বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক ট্রাফিক ট্রান্সপোর্টেশন কালিকান্ত ঘোষ সাক্ষরিত নোটিশে জানানো হয়েছে, করোনাকালীন চলাচলরত আন্তঃনগর ‘উপকূল এক্সপ্রেস’, ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনা করে ট্রেন ‘দুটি সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া করোনা আতঙ্কে রেলের যাত্রী চলাচল আগের তুলনায় কমে এসেছে। এসব বিষয় বিবেচনা করেই দু’টি ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
নোটিশে বলা হয়, ঢাকা-নোয়াখালী রুটে চলাচলকারী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি ২০ তারিখ ঢাকা থেকে ওয়ার্ক করার পর আজ লাকসাম থেকে ঢাকা আসে। এরপর ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আর ঢাকা- চট্রগ্রাম রুমে চলাচলকারী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি শনিবার সর্বশেষ ওয়ার্ক করার পর, আজ থেকে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব শুরুর দিকে ৬৬ দিন ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে পুনরায় চালু হয় ট্রেন।
এমবি





