স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ৬৮ মিলিয়ন বা ৬ কোটি ৮০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। গ্যাভি কোভ্যাক্স সুবিধা থেকে বাংলাদেশ এ ভ্যাকসিন পাবে। প্রতিজন দুই ডোজ করে এই ভ্যাকসিন পাবেন। মোট জনসংখ্যার শতকরা ২০ শতাংশ হারে ধাপে ধাপে বাংলাদেশ এই ভ্যাকসিন পাবে। আগামী ২০২১ সালের মধ্যে এই ভ্যাকসিন পাওয়া যাবে।

বুধবার (২৫ নভেম্বর) ‘কোভিড-১৯ এবং স্বাস্থ্য বিষয়ক হালনাগাদ তথ্য অবহিতকরণ সভা’ শীর্ষক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মা, শিশু ও কৈশোর স্বাস্থ্য কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. মো: শামসুল হক এই তথ্য জানান।

ডা. শামসুল হক বলেন, “সারা পৃথিবীতেই এখন ভ্যাকসিন নিয়ে কাজ হচ্ছে। কিন্তু ভ্যাকসিন যেটাই আসুক আমরা যেন সেটা পেতে পারি সে লক্ষ্যেই কাজ হচ্ছে। যারা আগে জাতীয় ভ্যাকসিন বিতরণ পরিকল্পনা জমা দেবে তারাই আগে ভ্যাকসিন পাবে। গ্যাভি যখন থেকে পরিকল্পনা জমা নেওয়া শুরু করবে, আশা করছি আমরা প্রথম দিনই আমাদের পরিকল্পনা জমা দিতে পারবো।”

তিনি জানান, গত জুলাই মাসের শুরুর দিকে বাংলাদেশ কোভ্যাক্সে আবেদন করে এবং গ্যাভি সেটি গ্রহণ করে গত ১৪ জুলাই। বাংলাদেশ গ্যাভির কাছ থেকে ৬৮ মিলিয়ন বা ৬ কোটি ৮০ লাখ ভ্যাকসিন পাবে (দুই ডোজ) ২০ শতাংশ জনগোষ্ঠীর জন্য। সে হিসাবে প্রথমে ৩৪ মিলিয়ন বা ৩ কোটি ৪০ লাখ মানুষের জন্য প্রথম ধাপে করোনার ভ্যাকসিন পাবে বাংলাদেশ। তবে গ্যাভি এটা বিনা পয়সায় দেবে না। এজন্য কো ফিন্যান্সিং এ যেতে হবে সরকারকে। এটা ১ দশমিক ৬ থেকে দুই ডলারের মধ্যে কিনতে পারবো।

আর বাংলাদেশ এ নিয়ে কাজ করছে। তবে ভ্যাকসিন আসার আগে জরুরি হচ্ছে ন্যাশনাল ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট প্ল্যান নিয়ে কাজ হচ্ছে যেটা একেবারেই শেষ পর্যায়ে বলে জানান ডা. শামসুল হক।

এমবি