ঢাকার যানজট নিরসনে ফেব্রুয়ারিতে শুরু হতে যাচ্ছে মেট্রোরেল নির্মাণের কাজ।
তার আগে নকশা, রুট নির্দিষ্টকরণ, মাটি পরীক্ষা এবং পরিবেশগত বিভিন্ন সমীক্ষা ধাপগুলো শেষ করা হয়েছে। এখন অপেক্ষা শুধু নির্মাণ কাজ শুরুর।
আর ৮টি প্যাকেজের এই মেট্রোরেল প্রকল্পের ৬টির দরপত্র আহ্বান এরমধ্যেই শেষ। বাকি দুটি ডিসেম্বরেই শেষ হবে।
প্রায় ২২ হাজার কোটি টাকার এ প্রকল্পে জাপান সরকার দিচ্ছে প্রায় ১৬ হাজার ৬শ’ কোটি টাকা। আর ৫ হাজার ৪০০ কোটি টাকা সরকারের।
মেট্রোরেলের প্রকল্প পরিচালক মোফাজ্জেল হোসেন জানান, নির্মাণ শুরুর জন্য সব কাজ গুছিয়ে নেয়া হয়েছে। আসছে নতুন বছরের ফেব্রুয়ারিতেই কাজ শুরুর বিষয়টি চুড়ান্ত করে রাখা হয়েছে।
উত্তরা থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত ২০ কিলোমিটারের মেট্রোরেলে থাকবে ১৬টি স্টেশন। স্টেশনগুলো হচ্ছে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি, প্রেসক্লাব এবং মতিঝিল।
প্রতি ২ মিনিট পর পর ২৪ সেট আধুনিক এবং দ্রুতগতির ট্রেন চলাচল করবে এ রুটে। প্রতি সেটে থাকবে ছয়টি করে প্যাসেঞ্জার কার। ঘণ্টায় উভয়দিকে ৬০ হাজার যাত্রী চলাচল করতে পারবে।
এসএইচ





