বাংলাদেশে মানবাধিকার লংঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির পক্ষ থেকে অবিলম্বে বাংলাদেশে গুম, নিপীড়ন ও মতপ্রকাশের স্বাধীনতায় বাধা প্রদান করা বন্ধ করার আহবান জানানো হয়েছে। মঙ্গলবার অ্যামনেস্টির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে আহবান জানানো হয়।

সরকারের সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, দেশের মানুষের মানবাধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু মানবাধিকার রক্ষায় নতুন এ সরকারের কোন শক্তিশালী পদক্ষেপ দেখা যাচ্ছে না। তার থেকে বড় কথা হচ্ছে, কর্তৃপক্ষ দেশে আরো কড়া নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছে, বিশেষত মতপ্রকাশের স্বাধীনতার উপর নিয়ন্ত্রণ আরোপ হচ্ছে, যা এখনো প্রক্রিয়াধীন।

এতে বলা হয়, বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে মানবাধিকার লংঘনের বিষয়ের কথা বলে আসছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এর মধ্যে উল্লেখযোগ্য হল, গুম, নিপীড়ন, মতপ্রকাশের স্বাধীনতায় নিয়ন্ত্রণ আরোপ, বিচারবর্হিভূত হত্যাকান্ড, সংখ্যালঘুদের উপর সহিংসতা, নারীর বিরুদ্ধে সহিংসতা, পার্বত্য চট্টগ্রামবাসীদের নিরাপত্তা ও মৃত্যুদন্ড।

বাংলাদেশে মানবাধিকার রক্ষার আহবান জানিয়ে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে সব ধরনের মানবাধিকার লংঘন বন্ধে অ্যামনেস্টি তার আহবান জানাচ্ছে। বিশেষ করে তিনটি বিষয়ে গুরুত্বারোপ করা হচ্ছে, যা ২০১৪ সালে এসেও চলমান রয়েছে। সেগুলো হল- গুম, নিপীড়ন ও মত প্রকাশের স্বাধীনতায় নিয়ন্ত্রণ আরোপ করা।

ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ