ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।বিশ্ব ইজতেমায় শুক্রবার জুমার নামাজের পর এ যানজটের সৃষ্টি হয় বলে জানা যায়।

উত্তরা থেকে বোর্ডবাজার পর্যন্ত যানজটে ভোগান্তিতে পড়েছেন মুসল্লিসহ এ পথে যাতায়াতকারীরা।

মুসল্লিরা জানান, জুমার নামাজের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস, পিকআপ, লেগুনাসহ বিভিন্ন যানবাহনের জট লেগে যায়। এতে জুমার নামাজ আদায় শেষে বাড়ি ফিরতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

জানা যায়, মহাসড়কে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যানজট থাকায় অনেক মুসল্লি পায়ে হেঁটে নিজ গন্তব্যে ফিরছেন।

এদিকে যানজট নিরসনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। শেষ খবর পর্যন্ত বিকেল পৌনে ৪টার দিকে যানবাহন ধীর গতিতে চলছে।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার জানান, ইজতেমায় জুমার নামাজে মুসল্লিদের চাপ বেশি থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ যানজট নিরসনে কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে যানজট নিরসন হবে।

এসএইচ